ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Photo : Customs
Photo : Customs

মুক্তমন রিপোর্ট : ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইল এলসিডি, মাদারবোর্ড, বিদেশি মদ ও স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। একই সময়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একটি অভিযান পরিচালনা করা হয়।

শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট ও মোবাইল জব্দ

৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এ-শিফটের কর্মকর্তারা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি৮০৪ ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালান।

তল্লাশির সময় যাত্রী এমডি মনসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টন এবং মোহাম্মদ নওয়াজ শরীফের কাছ থেকে ২৫০ কার্টন—মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা

একই দিনে ব্যাংকক থেকে আসা টিজি৩৩৯ ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ৩৬টি স্মার্টফোন জব্দ করা হয়। এর মধ্যে ১৯টি রেডমি টার্বো ৪ প্রো এবং ১৭টি অনর ২০০ মডেলের মোবাইল ফোন রয়েছে। এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা

ওই ব্যাগেজ থেকে আরও ৫৫০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এলসিডি এবং ৯৫০টি ডিসপ্লেসহ মাদারবোর্ড জব্দ করা হয়। এলসিডিগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং মাদারবোর্ডগুলোর আনুমানিক মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা

এ ছাড়া বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের পাশে পরিত্যক্ত একটি হাতব্যাগ থেকে তিন লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা

বাহরাইনফেরত যাত্রীর কাছ থেকে ১৮ লিটার মদ

১ সেপ্টেম্বর বাহরাইন থেকে আসা গালফ এয়ারের জিএফ২৪৮ ফ্লাইটের যাত্রী এমডি আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় তার কাছ থেকে ১৮ লিটার রেড লেবেল বিদেশি মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা

চট্টগ্রাম বিমানবন্দরেও বিপুল চোরাই পণ্য জব্দ

অন্যদিকে, ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন বিদেশি সিগারেট, রোয়াটিনেক্স ও সাবরিল ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা

মোট মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা

সিআইআইডির হিসাব অনুযায়ী, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা

সিআইআইডি জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন স্থানে নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।