শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই

ভালুকায় জামাইকে মারধরের ঘটনার পর স্থানীয়দের ভিড়
ভালুকায় জামাইকে মারধরের ঘটনার পর স্থানীয়দের ভিড়

মকবুল হোসেন : ময়মনসিংহের ভালুকায় পারিবারিক বিরোধ ও জমি কেনাবেচার ব্যবসায়িক লেনদেনের জেরে জামাইকে ডেকে এনে মারধর, গুরুতর আহত করা এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন (৩৬) ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভালুকা বাজারের পানের আড়ত ও সাব-রেজিস্ট্রি অফিসের সামনে সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী বিল্লাল হোসেন ভালুকা থানা এলাকায় দীর্ঘদিন ধরে জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর অভিযোগ, শ্বশুর মো. আঃ হাই (৫০) বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে মোট ২ লাখ টাকা নিয়েছেন। পরে প্রতি মাসে আরও ২ লাখ টাকা দাবি করে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন আঃ হাই ১০ থেকে ১২ জন লোক নিয়ে ঘটনাস্থলে আসেন। তাঁরা বিল্লালের পথরোধ করে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে বিল্লাল মাটিতে পড়ে গেলে তাঁকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয়। পরে হামলাকারীরা তাঁর কাছে থাকা জমি কেনাবেচার নগদ ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেন তিনি।

চিৎকার শুনে স্থানীয়রা আহত বিল্লালকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তিনি ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ জেলা  প্রতিনিধি

Muktomon/TA