ঢাকা বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ তিনজন আটক

ঢাকা বিমানবন্দরে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ তিনজন আটক
ঢাকা বিমানবন্দরে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ তিনজন আটক

মুক্তমন রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি বা ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক ব্যক্তিরা হলেন—মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।

এপিবিএন জানায়, ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে বিমানবন্দরের গোলচত্বরসংলগ্ন উত্তর পাশের ফুটপাতে ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের শরীর তল্লাশি করে মোট ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেটের। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছে। এপিবিএনের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আটক তিনজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এপিবিএন জানায়, অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ নিয়ে এসে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে এপিবিএন আপসহীন এবং অপরাধ দমনে অঙ্গীকারবদ্ধ। স্বর্ণ ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে এয়ারপোর্ট এপিবিএনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।