প্রক্সি পরীক্ষার্থী দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, পিএসসিতে আটক

প্রক্সি দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে পিএসসি সচিবালয়ে আটক প্রার্থী রিপন হোসেন
প্রক্সি দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে পিএসসি সচিবালয়ে আটক প্রার্থী রিপন হোসেন

মুক্তমন রিপোর্টার : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে এক প্রার্থীকে আটক করা হয়েছে। চাকরিতে যোগ দিতে এসে পরিচয় যাচাইয়ের সময় ধরা পড়েন রিপন হোসেন। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া থানার বাহা গ্রামের স্থায়ী বাসিন্দা। অফিস সহায়ক পদে তার রোল নম্বর ছিল ২১০১১৮৭।

পিএসসি সচিবালয় সূত্রে জানা যায়, নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার চাকরিতে যোগদানের জন্য কমিশন সচিবালয়ে উপস্থিত হন রিপন হোসেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় যাচাই শুরু করেন।

পরিচয় যাচাইয়ের একপর্যায়ে প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারা মিলিয়ে দেখা হয়। এতে রিপনের পরিচয় নিয়ে কর্মকর্তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়।

বিষয়টি প্রথমে উপপরিচালক শোভন সমাদ্দারকে জানানো হয়। পরে তিনি বিষয়টি উপসচিব ওয়াসিমুল বারীকে অবহিত করেন। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা যৌথভাবে রিপনকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিপন হোসেন পরীক্ষায় প্রক্সি ব্যবহারের কথা স্বীকার করেন বলে পিএসসি সূত্র জানিয়েছে। তিনি জানান, লিখিত ও মৌখিক—কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। উভয় পরীক্ষাতেই তার হয়ে অন্য ব্যক্তি প্রক্সি হিসেবে অংশ নিয়েছিলেন।

অভিযোগ স্বীকারের পর রিপন হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে।