৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

বায়তুল মোকাররমে শ্রমিক মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বায়তুল মোকাররমে শ্রমিক মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মুক্তমন রিপোর্টার : রাষ্ট্রায়ত্ত চিনিকল দ্রুত চালু করা, ৪৪টি শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল, গ্যাসসংকটের অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে শ্রমিক মজলিস।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম।

রাষ্ট্রায়ত্ত চিনিকলসহ ৪৪টি শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল, গ্যাসসংকটে শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই বন্ধ, চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত, নিরাপদ কর্মসংস্থান এবং শ্রমিকদের সব ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে শ্রমিক কার্ড চালুর দাবিও জানানো হয়।

সমাবেশে মুহাম্মদ আবদুল করিম বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো দ্রুত খুলে দিতে হবে। ৪৪টি শিল্পকারখানা বেসরকারিকরণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে। পাশাপাশি শিল্পকারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অবৈধভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। গ্যাসসংকটের কথা বলে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে যেভাবে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে, তা অন্যায় এবং অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

মুহাম্মদ আবদুল করিম বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে গড়ে ওঠা রাজনৈতিক সিন্ডিকেটও বন্ধ করতে হবে। জনদুর্ভোগ কমাতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিক মজলিসের নেতাকর্মীরা। মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

সংগঠনটির নেতারা জানান, শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মসংস্থান ও শিল্পকারখানার স্বার্থে তাদের দাবিগুলো বাস্তবায়নে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।