উত্তরায় পোশাক বিতরণ অনুষ্ঠানে বিএনপির দু’পক্ষের হট্টগোল

d56e1ff87e837f6e186fd536ded16813-683acf76cda5a
d56e1ff87e837f6e186fd536ded16813-683acf76cda5a

মুক্তমন রিপোর্ট: রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে পোশাক বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে মূল অনুষ্ঠান শুরুর আগেই এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের আয়োজন চলছিল জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এরই মধ্যে সাড়ে ১১টার দিকে সেখানে হট্টগোল বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে সেগুলো গুরুতর নয়।

ওসি হাফিজ জানান, পোশাক বিতরণী অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। আমরা এখানে আসার পর আর তেমন কিছুই হয়নি।

আহতের ঘটনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কাউকে আহত পাইনি আমরা। দুই গ্রুপের মধ্যেই উত্তেজনা ছিল। দুই গ্রুপ আমাদের উপস্থিতিতে মিটিং করে। ফলে সুষ্ঠুভাবে শেষ হয় সমাবেশ।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিনুল হকও অনুষ্ঠানে হাজির ছিলেন।