মুক্তমন রিপোর্টার : রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য হাজী সেলিমপুত্র সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে দুই আসামিকে কড়া পুলিশি নিরাপত্তায় হাজির করা হয়। এ সময় তাদের আইনজীবী শ্রী প্রাণ নাথ গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তাদের আবেদন মঞ্জুর করে দুই আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
তদন্ত কর্মকর্তাদের আবেদনে বলা হয়, সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন নিজ নিজ পদে দায়িত্ব পালনকালে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থের সংস্থান ও নির্দেশনাসহ ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তদন্তে উঠে এসেছে। বর্তমানে তারা দুজনই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
মামলার অভিযোগ অনুযায়ী, ডিবি পুলিশের তৎকালীন কর্মকর্তারা বিএনপি কার্যালয়ে অভিযান চালানোর পাশাপাশি সেখানে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালান। এ সময় গুলিবিদ্ধ হয়ে বিএনপি কর্মী মকবুল হোসেন নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পরবর্তী তদন্তের অংশ হিসেবে সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখানো হলো।