উত্তরায় পিকআপ ছিনতাইয়ের চেষ্টায় যুবক আটক, উদ্ধার ৩৫ পিস ইয়াবা

উত্তরা কামারপাড়ায় পিকআপ ছিনতাইয়ের চেষ্টায় আটক যুবক ও ইয়াবা উদ্ধারের প্রতীকী ছবি
উত্তরা কামারপাড়ায় পিকআপ ছিনতাইয়ের চেষ্টায় আটক যুবক ও ইয়াবা উদ্ধারের প্রতীকী ছবি

মুক্তমন রিপোর্টার : রাজধানীর উত্তরা পশ্চিম থানার কামারপাড়া কাঁচাবাজার এলাকায় পিকআপ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে রায়হান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর এক ব্যক্তি পালিয়ে গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে কামারপাড়া কাঁচাবাজারের সামনে প্রধান সড়কে একটি পিকআপ থামিয়ে চালক মো. ইয়াছিনকে মারধর করে গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুই ব্যক্তি।

চালকের চিৎকার শুনে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ সার্জেন্ট মো. ইসরাফিল হোসেন ও এটিএসআই আমির সেখানে ছুটে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও রায়হানকে আটক করা সম্ভব হয়।

পরে রায়হানের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটে থাকা একটি কৌটা থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, আটক রায়হানের বাবার নাম মো. শুকুর মিয়া। তিনি উত্তরা পশ্চিম থানার এরশাদ নগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন।

আটক রায়হানকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরা পশ্চিম থানার এসআই সুমনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।