মুক্তমন রিপোর্টার : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার বিকেলে পার্ক কর্তৃপক্ষ নিখোঁজদের বিষয়ে তথ্য নিশ্চিত করেছে।
ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক এলাকায় হাইকিং ও ব্যাকপ্যাকিং করতে যাওয়া ব্যক্তিদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ফ্যান্টম র্যাঞ্চ ও ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে অবস্থান বা সেখানে যাওয়ার পরিকল্পনা থাকা ক্যাম্পারদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ছাড়া নর্থ কাইবাব ট্রেইল এলাকায় বন্যার কারণে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারী ও পার্ক কর্মকর্তারা।
এর আগে রোববার সকালে নিখোঁজ মানুষের সংখ্যা অন্তত ২০ জন বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। ওই সময় পর্যন্ত ফ্যান্টম র্যাঞ্চ এবং লোয়ার নর্থ কাইবাব ট্রেইল এলাকা থেকে ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে ফ্যান্টম র্যাঞ্চ ও কটনউড ক্যাম্পগ্রাউন্ড থেকেও আরও মানুষকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বন্যার পানির তোড়ে ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের ওপর থাকা কয়েকটি পদচারী সেতু ভেঙে পড়েছে। ফলে হাইকারদের জন্য ওই এলাকার চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের সময় কলোরাডো নদীর কিছু নির্দিষ্ট সেতুতেও চলাচল বন্ধ রাখা হয়েছে।
ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, আকস্মিক বন্যায় ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন এলাকার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পার্কের কর্মীরা ট্রেইল, সেতু, ইউটিলিটি ব্যবস্থা, বিভিন্ন স্থাপনা এবং অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছেন।
বন্যার পানির সঙ্গে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ভেসে আসায় কলোরাডো নদীতে সব ধরনের নৌযান চলাচলও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনের পাশাপাশি উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যায় আটকে পড়া পর্যটকদের অবস্থান শনাক্ত করে নিরাপদে সরিয়ে নেওয়াই এখন প্রধান অগ্রাধিকার।