এনডিসির ১৫ সদস্যের প্রতিনিধি দল ঢাকায়, হবে সামরিক-বেসামরিক মতবিনিময়

স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরে ঢাকায় ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধি দল
স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরে ঢাকায় ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধি দল

মুক্তমন রিপোর্টার : স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরের অংশ হিসেবে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলটিতে ভারতের সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরাও রয়েছেন।

ঢাকায় পৌঁছানোর পর প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

সফরকালে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দলটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তা গ্রহণ করবে। পাশাপাশি বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে তাদের একাধিক মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক সম্পর্ক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় এনডিসির কর্মকর্তারা।

বাংলাদেশ সফরেও দুই দেশের সামরিক ও বেসামরিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।