হাটহাজারী (চট্টগ্রাম), প্রতিনিধি : দেশের প্রচলিত আইন মেনে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করাই গণতন্ত্রের মূল চেতনা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই সুস্থ ও বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে গুরুত্ব দিয়ে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দলটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
বিগত সরকারের সময়ের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিএনপির সভা-সমাবেশ বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময় ১৪৪ ধারা জারি এবং নির্যাতন চালানো হয়েছিল। নানা প্রতিকূলতার মধ্যেও হাটহাজারীতে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন।
তিনি বলেন, অতীতে দেশের জনগণ বিএনপির পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি বিশ্বাস করেন।
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে মীর হেলাল বলেন, দলটি শুধু সরকার পরিচালনার জন্য নয়, দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায়ও প্রস্তুত। অতীতে সংঘটিত অন্যায় ও নির্যাতনের পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রকৃত অর্থ হলো দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করা এবং আইন মেনে শান্তিপূর্ণভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখা। এ জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।