গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দড়ি-বাহেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে মো. ইউনুস মৃধার বাড়ির সামনে অবস্থিত আল-আকসা জামে মসজিদের পাশের একটি সাঁকো দিয়ে পার হওয়ার সময় ওই তরুণ অসাবধানতাবশত পানিতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এ ঘটনায় দক্ষিণ দড়ি-বাহেরচর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ সাঁকোর পরিবর্তে নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।