চট্টগ্রাম প্রতিনিধি: আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। এ সময় বন্যাকবলিত ১,৫০০ পরিবারের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বাজারসংলগ্ন এলাকা, বাঁশখালী উপজেলার ইলিশা এবং সাতকানিয়া উপজেলার পাঠানের পুল এলাকা পরিদর্শন করেন তারা। পরে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় নৌকায় করে সাতকানিয়ার কেউচিয়াসহ বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখেন এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাতকানিয়ার পাঠানের পুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ১,৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রশাসনের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সরকার বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তিনি জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দ্রুত, সুষম ও বৈষম্যহীনভাবে ত্রাণ বিতরণ নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও পুনর্বাসন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।