জলবায়ু-সহনশীল নগর গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

জলবায়ু-সহনশীল নগর গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

অনলাইন ডেস্ক : অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল ও টেকসই নগরায়ণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনা উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় এ অঙ্গীকারের কথা জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর।

তিনি বলেন, বাংলাদেশ নগরায়ণকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু-সহনশীলতা জোরদারের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে। এ কারণে পরিকল্পিত নগর উন্নয়ন ও সবার জন্য বাসযোগ্য নগর গড়ে তোলাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসনের সুযোগ সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আহাম্মদ সোহেল মনজুর বলেন, সরকার সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, দ্রুত নগরায়ণের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়; বরং পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা, কার্যকর নগর প্রশাসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বৈশ্বিক অংশীদারত্ব জোরদার, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জানান।

তিনি বলেন, টেকসই নগর উন্নয়নের লক্ষ্য হতে হবে এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলা, যেখানে উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষ এবং দেশের প্রতিটি অঞ্চল সমানভাবে পাবে। কোনো মানুষ বা অঞ্চল যেন উন্নয়নের ধারায় পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই সমন্বিত ও জলবায়ু-সহনশীল নগর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।