জুলাই আন্দোলনে শহিদদের মর্যাদা রক্ষায় ধানের শীষে ভোট দিন: এস এম জাহাঙ্গীর

WhatsApp Image 2026-02-05 at 17.59.08(1)
WhatsApp Image 2026-02-05 at 17.59.08(1)

মুক্তমন রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, জুলাই আন্দোলনে শহিদদের মর্যাদা রক্ষায় ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিগত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীরা রক্ত দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন। অসংখ্য মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে আজ ভোট দেওয়ার সুযোগ এসেছে। অতীতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই যে কোনো মূল্যে ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে হবে।

তিনি বলেন, অতীতে যেসব নির্বাচন সুষ্ঠু হয়েছে, প্রত্যেকবারই বিএনপি বিজয়ী হয়েছে। এবারও যদি সুষ্ঠু ভোট হয়, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত। ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার টেকসই করার নির্বাচন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি আরও বলেন, একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হতে মরিয়া হয়ে উঠেছে এবং ভোট কারচুপির চেষ্টা চালাতে পারে। তাই যারা পোলিং এজেন্টের দায়িত্ব পালন করবেন, তারা ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরসহ ফলাফল নিশ্চিত করে কেন্দ্রে অবস্থান করবেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান। তিনি বলেন, নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে শত শত নেতাকর্মীকে উপস্থিত থাকতে হবে। নারী ভোটারদের ভোটকেন্দ্রে আসা নিরুৎসাহিত করতে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মা-বোনেরা যেন কোনো গুজবে কান না দেন। বিএনপির প্রতিটি নেতাকর্মী নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকবে।

তিনি আরও বলেন, তুরাগ থানার তিনটি ওয়ার্ডে সর্বোচ্চ ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, এম কফিল উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি মোঃ জামির হোসেন, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মোঃ আমান উল্লাহ ভূইয়া, হারুন অর রশিদ খোকা, চাঁন মিয়া বেপারী, জহির উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।