টেকনাফের হ্নীলায় অস্ত্র উদ্ধারের পর নতুন আস্তানার অভিযোগে আতঙ্ক

WhatsApp Image 2026-05-10 at 10.23.39
WhatsApp Image 2026-05-10 at 10.23.39

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নৌবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় নতুন করে আস্তানা গড়ে তোলার অভিযোগ উঠেছে কথিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া সংলগ্ন নাফ নদীর সীমান্ত এলাকায় সম্প্রতি মোটা অংকের টাকায় জমি কিনে বাউন্ডারি নির্মাণের মাধ্যমে নতুন আস্তানা তৈরির কাজ চলছে। এলাকাবাসীর আশঙ্কা, এসব স্থানে মাদক, অস্ত্র ও গোলাবারুদ মজুদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া এলাকায় নৌবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ১০টি গ্রেনেড, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের মূল টার্গেট হিসেবে পরিচিত কথিত সন্ত্রাসী “লম্বা মিজান” এখনও গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে।

নাটমুরাপাড়ার বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় অপরাধীদের চলাচল বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে পরিবারগুলো আতঙ্কে রয়েছে। অনেকেই নিরাপত্তার কারণে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসী সীমান্ত এলাকায় নিয়মিত টহল, অভিযান এবং সন্দেহভাজন আস্তানাগুলোতে তদন্ত চালানোর দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।