ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুরে তিন বাহিনী প্রধানদের মতবিনিময় সভা

626421018_1175856931296952_9093564418640393762_n
626421018_1175856931296952_9093564418640393762_n

মুক্তমন রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে গাজীপুর সফর করেছেন তিন বাহিনী প্রধান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সম্মানিত সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধানের পাশাপাশি বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এ সফরে অংশগ্রহণ করেন।

সফরকালে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে একটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাহিনী প্রধানগণ আসন্ন নির্বাচন ও গণভোটে নিরাপত্তা ব্যবস্থাপনা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিন বাহিনী প্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা নির্বাচনের প্রতিটি ধাপে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সাধারণ জনগণের সঙ্গে নাগরিকবান্ধব, ধৈর্যশীল ও মানবিক আচরণ বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, উক্ত সফর ও মতবিনিময় সভায় সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং অসামরিক প্রশাসনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।