পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আড়াই হাজার রেইনকোট বিতরণ করলো ডিএনসিসি

WhatsApp Image 2026-05-04 at 1.16.12 PM
WhatsApp Image 2026-05-04 at 1.16.12 PM

মুক্তমন রিপোর্ট : বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় আড়াই হাজার রেইনকোট বিতরণ করেছে।

সোমবার (৪ মে ২০২৬) সকালে গুলশান নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব রেইনকোট কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিচ্ছন্নতাকর্মীরা ভোর থেকে অক্লান্ত পরিশ্রম করে শহরকে পরিচ্ছন্ন রাখেন। তাদের শ্রমেই নগরবাসী একটি সুন্দর পরিবেশ পায়।” তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর হুমায়ুন কবীর বলেন, কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হচ্ছে। এর আগে শীতবস্ত্র, মাস্ক ও গামবুট বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী আয়েশা খাতুন বলেন, “বর্ষার শুরুতেই রেইনকোট পেয়ে আমরা আনন্দিত। এতে আমাদের কাজ করতে সুবিধা হবে।”

বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নগরবাসীর সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।