নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে নির্মিত 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলাও উপস্থিত ছিলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, দীর্ঘ ১৮ বছরের দুঃশাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণআন্দোলনের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার প্রকল্পটিকে আরও স্থায়ী, কার্যকর ও আইনি কাঠামোর মধ্যে আনতে প্রয়োজনীয় সংস্কার ও পরিমার্জনের কাজ করছে।
জাদুঘর উদ্বোধনে বিলম্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিচালনার জন্য ইতোমধ্যে একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। তবে একটি পূর্ণাঙ্গ জাদুঘর পরিচালনার জন্য স্থায়ী জনবল, সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে।
মন্ত্রী জানান, আগামী দুই-এক দিনের মধ্যে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় জনবল নিয়োগসহ প্রয়োজনীয় বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এরপর প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ও অনুমোদন পাওয়া সাপেক্ষে খুব দ্রুত জাদুঘরটি উদ্বোধন করা হবে।
তিনি আরও বলেন, জাদুঘরের নির্মাণ ও সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এদিকে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দেশব্যাপী ছড়িয়ে দিতে ১৫ জুলাই থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ সব প্রতিষ্ঠানে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচি, প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তিনি বলেন, ১৫ জুলাই বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ ১৪ জুলাই মধ্যরাতের পর শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং ১৫ জুলাই নারী শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা পরবর্তী সময়ে ১৬ জুলাইয়ের আত্মত্যাগের আন্দোলনকে আরও বেগবান করে।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।