নীলফামারীর নিম্নাঞ্চলে পানি প্রবেশ

ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

নীলফামারী প্রতিনিধি: টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। নদীর পানি বাড়তে থাকায় জেলার তিস্তা তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ মিটার। সেখানে নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলোও প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, নদীর পানি দ্রুত বাড়ছে এবং ইতোমধ্যে বেশ কয়েকটি নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। পরিস্থিতি অব্যাহত থাকলে আরও নতুন এলাকা প্লাবিত হতে পারে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সন্ধ্যা ৬টার হিসাবে তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতের দিকে পানির উচ্চতা আরও কিছুটা বাড়তে পারে। তবে উজানের পরিস্থিতি স্বাভাবিক থাকলে মঙ্গলবার সকাল থেকে পানি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।