মদনে ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দ, থানায় অভিযোগ

WhatsApp Image 2026-05-15 at 18.40.14
WhatsApp Image 2026-05-15 at 18.40.14

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার মদনে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২০ মেট্রিক টন চাল জব্দের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের মৈধাম এলাকায় সাম্য ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাকে করে সরকারি চাল পাচারের সময় অভিযান চালায় মদন থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়া দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, মদন উপজেলা খাদ্য গুদাম থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত চাল প্রকল্প সভাপতি ও ডিও হোল্ডারদের মাধ্যমে বিতরণের কথা থাকলেও একটি চক্র সেগুলো কালোবাজারিতে বিক্রির উদ্দেশ্যে পাচারের চেষ্টা করে।

অভিযানে ট্রাকে থাকা ৬৬৭ বস্তায় মোট ২০ হাজার কেজি বা ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দ করা হয়। চালগুলো নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী বাজারের একটি রাইস মিলে নেওয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জব্দকৃত চালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।

এ ঘটনায় শামীম (৩০), শাহীন (৩৫) ও এনামুল হক আনার (৬০)সহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে এনামুল হক আনারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, জব্দকৃত চাল ও ট্রাক থানার হেফাজতে রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।