সংসদে নাহিদ ইসলাম

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ট্রাইব্যুনালের রায় কার্যকরের দাবি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ট্রাইব্যুনালের রায় কার্যকরের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক: পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে একাত্তর ও জুলাইয়ের গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান এবং তৎকালীন গণহত্যার বিচার-সংক্রান্ত সাধারণ আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম এসব দাবি জানান।

তিনি বলেন, শুধু রায় ঘোষণা করাই যথেষ্ট নয়; দিল্লির সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হয়েছে এবং তিনি নিজেও ওই মামলার একজন সাক্ষী।

নাহিদ ইসলাম বলেন, ইতিহাসে গণতন্ত্র ধ্বংস, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করা এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিত করা প্রয়োজন। তার ভাষ্য, জুলাইয়ের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এ বিচার গুরুত্বপূর্ণ।

বক্তব্যের শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত, আহত এবং আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তৎকালীন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যের পর আন্দোলন নতুন গতি পায় এবং দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এ সময় তিনি ‘জুলাই উইমেন্স ডে’ পালনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বানও জানান।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, শুরু থেকেই আওয়ামী লীগ ও ভারতের কিছু গণমাধ্যম আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। পাশাপাশি বিএনপির কয়েকজন নেতা ও সংসদ সদস্যের বক্তব্যেও আন্দোলনের আত্মত্যাগকে খাটো করার চেষ্টা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

দেশজুড়ে দায়ের হওয়া মামলাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ৫ আগস্টের পর প্রায় ১ হাজার ৪৯৯টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে অর্থ লেনদেন, চাঁদাবাজি, ব্যক্তিগত বিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মামলাগুলোর যাচাই-বাছাইয়ের বর্তমান অগ্রগতি সংসদে তুলে ধরতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের গতি নিয়েও প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, নতুন মামলার তদন্তে প্রসিকিউশন টিমের দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন। বিচার দ্রুত সম্পন্ন করতে দক্ষ আইনজীবী নিয়োগ এবং ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা সংসদে উপস্থাপনেরও দাবি জানান তিনি।