মুক্তমন রিপোর্ট : চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তফসিল ঘোষণার সময় অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। কমিশনের মূল লক্ষ্য চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।
সিইসি জানান, আসন্ন বিভিন্ন পাবলিক পরীক্ষা, দুর্গাপূজাসহ নানা সামাজিক ও ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হচ্ছে। তবে যেকোনো মূল্যে চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে কমিশনের।
তিনি বলেন, নভেম্বরে যেন বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হচ্ছে। নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করা সম্ভব হলে বা সময়সূচিতে কিছুটা সমন্বয় করা গেলে ডিসেম্বর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের ভোট আয়োজন করা সম্ভব হবে।
নির্বাচনের তারিখ চূড়ান্ত করার চ্যালেঞ্জ প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন থাকলেও দেশে নির্বাচনের সময়সূচি নির্ধারণের পুরো নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে থাকে না। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সব ধরনের পারিপার্শ্বিক বিষয় বিবেচনায় নিয়েই নির্বাচনের উপযুক্ত সময় নির্ধারণ করতে হবে।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সিইসি জানান, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনকে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচনে রূপ দিতে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। জবাবে রাষ্ট্রপতি কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সিইসি বলেন, রাষ্ট্রপতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আন্তরিকভাবে কাজ করতে চান।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনেও প্রস্তুত ইসি
বৈঠকে রাষ্ট্রপতিকে জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে।
এই দুটি নির্বাচনকে কেন্দ্র করে খুব শিগগিরই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে ইসি। নির্বাচনের সুবিধার্থে প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রকিউরমেন্ট বা কেনাকাটার কাজও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানান সিইসি।
তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে।
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল প্রসঙ্গে সিইসি বলেন, কমিশনের প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি পুরোপুরি শেষ হলেও পরীক্ষা, জাতীয় উৎসব ও অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচির বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। সব পক্ষের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই নির্বাচনের সঠিক তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হবে।