ফেনী জজ আদালতে জরাজীর্ণ টয়লেট, বিচারপ্রার্থীদের চরম ভোগান্তি


মুক্তমন রিপোর্ট : ফেনী জেলা জজ আদালত প্রাঙ্গণের জরাজীর্ণ পাবলিক টয়লেটগুলো বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব টয়লেট এখন ব্যবহার অনুপযোগী এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর ধরে টয়লেটগুলোর কোনো উন্নয়ন বা সংস্কার করা হয়নি। ফলে আদালতে আসা নারী, শিশু ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়। অনেকেই বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা খুঁজতে গিয়ে আরও দুর্ভোগে পড়ছেন।
একজন নারী বিচারপ্রার্থী বলেন, “শিশুকে নিয়ে আদালতে এসে টয়লেটের এই করুণ অবস্থা দেখে খুবই লজ্জা লাগে। এখানে যেন দেখার কেউ নেই, বছরের পর বছর এই নরকযন্ত্রণা চলছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে ন্যূনতম স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু প্রশাসনিক অবহেলার কারণে এ মৌলিক সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা ইউছুব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা দ্রুত টয়লেটগুলোর আধুনিকায়ন ও সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে করে বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘব হয় এবং একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা যায়।



