আইন-অপরাধ

ফেসবুকে ভুয়া ইলিশ বিক্রির ফাঁদ: নড়াইলে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

নড়াইল, ২৪ এপ্রিল ২০২৬:
ফেসবুকে চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে কম দামে মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে নড়াইলে চার যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আকাশ শেখ (২০), মোঃ ফারুক মোল্যা ওরফে অনিক (২২), লিমন শেখ (২১) এবং মোঃ লিমন মোল্যা (২২)। তারা সবাই নড়াইল সদর উপজেলার মির্জাপুর ও পাইকড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, “ইলিশের বাড়ি চাঁদপুর”, “ফিশ ভ্যালি”, “ইলিশ ভাইয়া চাঁদপুর” ও “অনলাইন পণ্য বিক্রয়” নামে একাধিক ফেসবুক পেজ খুলে চক্রটি চটকদার বিজ্ঞাপন দিত। তারা কম দামে চাঁদপুরের ইলিশ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিত, কিন্তু পরে কোনো পণ্য সরবরাহ করত না।

একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের নির্দেশনায় জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ মোঃ আব্দুল খালেক। এ সময় পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি বিভিন্ন নামে নিবন্ধিত সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে ভুয়া ফেসবুক পেজের মাধ্যমে প্রতারণা করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইন প্রতারণা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button