জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি


মুক্তমন রিপোর্ট : ১-৭ মে “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে দেশব্যাপী স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ঢাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারীর নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সভাপতি গাজী মামুনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিকরা এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত।
নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের মতো এবারও ১-৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, দেশে বিভিন্ন পেশাভিত্তিক সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও সাংবাদিকদের জন্য তেমন কোনো উদ্যোগ নেই। পাশাপাশি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নীতিমালা, সুরক্ষা আইন ও পৃথক অধিদপ্তর না থাকায় পেশাজীবীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (৩ মে) থাকলেও বাংলাদেশে তা রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয় না, যা দুঃখজনক। তাই “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানানো হয়েছে।
সাংবাদিক নেতারা আশা প্রকাশ করেন, সরকারের সদয় বিবেচনায় দেশের সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা ফিরে পাবে।



