জাতীয়

ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠান: ‘ভিন্নতার মাঝে ঐক্যই মূলনীতি, বৈষম্য থাকবে না’—সংস্কৃতি মন্ত্রী

মুক্তমন রিপোর্ট : রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে ‘মহানগর পরিবার দিবস উদ্বোধন, গুণীজন সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, “গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মত ও আদর্শ থাকবে, আর এই ভিন্নতার মাঝেই ঐক্য স্থাপন করাই আমাদের মূল নীতি। সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান—এখানে কোনো বৈষম্যের স্থান নেই।”

সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, সরকারের ঘোষিত নীতি অনুযায়ী সব সমস্যা সমাধানে কাজ চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির-কে ঐতিহ্যবাহী স্থান হিসেবে সংরক্ষণ ও উন্নয়নের আওতায় নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল।

অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য মঞ্জু ধর ও বাবুল দাসকে ‘গুণীজন সম্মাননা’ প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির চেক ও সনদ তুলে দেন অতিথিরা।

বক্তারা পারিবারিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button