ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ


মেডিকেল প্রতিবেদক, ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লা গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাসের চুলার আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন— সবজি বিক্রেতা মো. কালাম (৪৭), তার স্ত্রী সালমা বেগম (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)।
রোববার (১০ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল পৌনে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধ কালামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বলুকদিয়া এলাকায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা গিরিধারা এলাকায় বসবাস করছিলেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাকিব জানান, গিরিধারায় নয়তলা ভবনের নিচতলায় কালাম পরিবার নিয়ে বসবাস করেন। সকালে রান্নাঘরে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ আগুন ধরে যায়। পরে প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রতিবেশীদের ধারণা, গ্যাস লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে দগ্ধদের চিকিৎসা চলছে। ড্রেসিং সম্পন্ন হওয়ার পর তাদের দগ্ধের পরিমাণ নির্ধারণ করা হবে।



