জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ: আইনমন্ত্রী আসাদুজ্জামান

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬ | নিজস্ব প্রতিবেদক : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জেলা ও কেন্দ্রীয় কমিটি গঠন

আইনমন্ত্রী জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সমন্বয়ে জেলা পর্যায়ে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ৮ মার্চ ২০২৬ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, যা জেলা কমিটির সুপারিশগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।

যাচাই-বাছাই করে সিদ্ধান্ত

মন্ত্রী বলেন, সংসদ সদস্যসহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক (হত্যা মামলাসহ) মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করা হলে তা পর্যালোচনা করা হবে।

তিনি আরও জানান, পর্যালোচনায় কোনো মামলা রাজনৈতিকভাবে হয়রানিমূলক প্রমাণিত হলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হত্যা মামলার ক্ষেত্রে সতর্কতা

আইনমন্ত্রী উল্লেখ করেন, পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।

সরকারের অবস্থান

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত হয়রানিমূলক মামলা থেকে ভুক্তভোগীদের প্রতিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button