জাতীয়

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়—হজ টিম সদস্যদের প্রতি ধর্মমন্ত্রীর আহ্বান

মুক্তমন ডেস্ক : সরকারের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়—এ বিষয়ে হজ টিমের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আজ সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, “সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও অপপ্রচার ও ষড়যন্ত্র রয়েছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না, যাতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।”

হজ টিমের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আল্লাহর মেহমানদের খেদমত করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।”

তিনি আরও বলেন, হজযাত্রীদের সেবার বাইরে অন্য কোনো কাজে সম্পৃক্ত হওয়া যাবে না। হাজীদের সেবায় গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানো হবে।

ধর্মমন্ত্রী উল্লেখ করেন, যেসব সদস্য তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং হজযাত্রীদের সন্তুষ্টি অর্জন করবেন, তাদের ভবিষ্যতেও এ দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে।

মন্ত্রীর আহ্বানে হজ টিমের সদস্যরা হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি-এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ আয়াতুল ইসলাম বক্তব্য দেন।

এর আগে হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে হজ টিমের বিভিন্ন সদস্যদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন।

প্রশিক্ষণে হজ মনিটরিং, প্রশাসনিক, সহায়ক, কারিগরি এবং সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button