ঢাকা-১৮ আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ আরিফুলের


মুক্তমন রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত-এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) ঢাকা-১৮ আসনের বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ শঙ্কার কথা জানান।
আরিফুল ইসলাম বলেন, তার পক্ষে যারা প্রচারণা চালাচ্ছেন তাদের বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে নারী সদস্যদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি ভোটকেন্দ্রে গেলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে—যা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, কিছুদিন আগে নির্বাচনী প্রচারণার সময় তার ওপর সরাসরি হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চিহ্নিত হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অভিযুক্ত ব্যক্তি এখনও প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
গণসংযোগের বিষয়ে আরিফুল ইসলাম বলেন, ঢাকা-১৮ আসনের অধিকাংশ ওয়ার্ড দীর্ঘদিন ধরে অবহেলিত। বিশেষ করে রেললাইনের এপাশের উত্তরখান ও দক্ষিণখান এলাকার বাসিন্দারা ন্যূনতম নাগরিক সেবা থেকে বঞ্চিত। গ্যাস সংকট, শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা, রাস্তাঘাট, পানি ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানে অগ্রাধিকারভিত্তিতে কাজ করবেন।
এর আগে সকাল ৯টায় উত্তরখানের খুঞ্জুরদিয়া থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে উজামপুর, মাউসাঈদ, পুলারটেক, রসুলপুর, আদম আলী মার্কেট, গোয়ালটেক, টিআইসি কলোনি, ফায়দাবাদ চৌরাস্তা, কফিল মার্কেট, আফতাব মার্কেট ও মিজানের গ্যারেজ সংলগ্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।



