লোকাল এলাকার বৈষম্য দূর করে পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি জাহাঙ্গীরের


মুক্তমন রিপোর্ট : ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন সেক্টরভিত্তিক উন্নয়ন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে লোকাল এলাকার দীর্ঘদিনের বৈষম্য দূর করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, উত্তরা সেক্টরের তুলনায় রেললাইনের পরবর্তী উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ অঞ্চল পরিকল্পিত উন্নয়ন থেকে বহু বছর ধরে বঞ্চিত। নির্বাচিত হলে পুরো আসনকে সমন্বিতভাবে আধুনিক ও পরিকল্পিত এলাকায় রূপান্তর করা হবে।
সকালে দক্ষিণখান রেললাইনের পাশের দেওয়ান সিটিতে গণসংযোগ কর্মসূচির শুরুতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, এই এলাকার মানুষকে অবহেলার চোখে দেখা ঠিক নয়। পরিকল্পনার ঘাটতি ও রাজনৈতিক সদিচ্ছার অভাবেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে সেক্টর ও লোকাল এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। রেললাইনের দুই পাশের এলাকাকে কার্যকর সড়ক নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবায় মানুষের যাতায়াত সহজ করা হবে।
আবাসন প্রসঙ্গে তিনি বলেন, রাজউকের নীতিমালা মেনে পরিকল্পিত ইমারত নির্মাণ নিশ্চিত করা জরুরি। অপরিকল্পিত স্থাপনার কারণে জলাবদ্ধতা ও যানজট বাড়ছে। এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দক্ষিণখানের সড়ক প্রশস্তকরণেও গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে এস এম জাহাঙ্গীর বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ যেন অকারণে হয়রানির শিকার না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের পক্ষে কাজ করতে হবে। এলাকার সমস্যাগুলোকে নিজের সমস্যা হিসেবে নিয়ে সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। নারীর মর্যাদা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিএনপি গুরুত্ব দেবে।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের অবহেলার কথা তুলে ধরে দ্রুত উন্নয়ন বাস্তবায়নের দাবি জানান। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা সরব হয়ে ওঠে।



