মত প্রকাশ

দাগনভূঞায় অরক্ষিত গ্যাস নিয়ন্ত্রণ কেন্দ্র, বিস্ফোরণ আতঙ্কে স্থানীয়রা

প্রতিনিধি (ফেনী): ফেনীর দাগনভূঞা উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি গুরুত্বপূর্ণ গ্যাস সংযোগ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (টিবিএস) দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব, লতাপাতার জঙ্গল এবং সীমানা ঘেঁষে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি অযত্ন ও অবহেলায় পড়ে আছে। নিয়মিত সংস্কার না করায় গ্যাস পাইপলাইন ও নিয়ন্ত্রণ যন্ত্রাংশে মরিচা ধরেছে। পুরো এলাকাটি লতাপাতা ও ঘন জঙ্গলে ঢেকে যাওয়ায় কোনো কারণে গ্যাস লিকেজ হলে তা দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কেন্দ্রটির সীমানা প্রাচীর ঘেঁষে বেশ কিছু অবৈধ অস্থায়ী দোকানপাট গড়ে উঠেছে। এসব দোকানে আগুন বা বিড়ি-সিগারেটের সামান্য স্ফুলিঙ্গ থেকেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া নিরাপত্তা গেট প্রায়ই খোলা থাকায় অনায়াসেই যে কেউ ভেতরে প্রবেশ করতে পারছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবহুল এলাকায় অবস্থিত এই গ্যাস স্টেশনের পাশে অবৈধ দোকানপাট ও অব্যবস্থাপনা রাষ্ট্রীয় সম্পদের পাশাপাশি হাজার হাজার মানুষের জানমালের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের ভাষ্য, সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফেনী এরিয়া অফিসের ম্যানেজার (ইঞ্জিনিয়ার) জাহেদুল ইসলাম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যে জঙ্গল পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং কেন্দ্রটির নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে জনস্বার্থে এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়, এখন সেটিই দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button