নির্বাচনবৃহত্তর উত্তরামত প্রকাশরাজনীতি

নির্বাচিত হলে নারীদের জন্য বিশেষ পরিবহন চালুর ঘোষণা আরিফুল ইসলামের

মুক্তমন রিপোর্ট : ভোটে নির্বাচিত হলে নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম। তিনি বলেন, নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ পরিবহন সার্ভিস চালু করা হবে এবং গণপরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি নারীদের জন্য বিভিন্ন স্থানে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণখান থানার নারী শাখার উদ্যোগে আয়োজিত এক নারী সমাবেশে এসব কথা বলেন তিনি।

আরিফুল ইসলাম বলেন, নির্বাচিত হলে ঘর ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, মর্যাদা ও সম্মান নিশ্চিত করা হবে। তিনি বলেন, “নারীর নিরাপত্তা ও মর্যাদা কোনো বিশেষ সুবিধা নয়; এটি নারীর মৌলিক অধিকার। নারীরা নিরাপদ ও সম্মানিত না হলে দেশের সার্বিক অগ্রগতি কখনোই সম্ভব নয়।”

তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়; এটি ভারতসহ অন্যান্য রাষ্ট্রের আধিপত্যবাদ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। একই সঙ্গে এটি দেশের মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও জীবনযাপনের স্বাধীনতা রক্ষার নির্বাচন।

জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের এই প্রার্থী বলেন, ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর মূল লক্ষ্য হলো সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।

বিএনপির সমালোচনা করে আরিফুল ইসলাম বলেন, বর্তমানে দেশে বিএনপি সন্ত্রাসকে প্রতিপালন করছে। নির্বাচনকে কেন্দ্র করে শুধু বিরোধী দল নয়, তাদের নিজেদের নেতাকর্মীরাও হামলা ও সহিংসতার শিকার হচ্ছেন। যারা নিজেদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণখান পশ্চিম থানা আমির আবু সাঈদ শাহনাওয়াজ, নায়েবে আমির মো. মামুন, সেক্রেটারি আলী হোসাইন মুরাদ, নারী বিভাগের উত্তরা পূর্ব জোন পরিচালিকা মর্জিনা খাতুন এবং দক্ষিণখান পশ্চিম থানা সেক্রেটারি ফাতেমা ইয়াছমিন রুমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button