ঝিলিমে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান: ১ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড তৈরির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ দূষণের অভিযোগে নামবিহীন ওই কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়েছে।
ঘটনাটি ঘটে উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলি মোড় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র জনবসতিপূর্ণ এলাকার পাশে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড তৈরি করে আসছিল। এতে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ-এর নেতৃত্বে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি নামবিহীন কারখানায় পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর উপায়ে ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড তৈরির প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পরিবেশবিধ্বংসী কার্যক্রম পরিচালনার দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি পুনরায় এমন কার্যক্রম চালানো রোধে তাৎক্ষণিকভাবে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযানে সহযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ-এর সদস্যরা, ঝিলিম ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।


