মুক্তমন রিপোর্ট : ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের লক্ষ্য করে গত পাঁচ দিনে তিন শতাধিক বিমান হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা। সৌদি আরব হামলা অব্যাহত রাখলে সংঘাত আরও বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছে তারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুথিরা দাবি করে, সৌদি আরবের এফ-১৫, ইউরোফাইটার টাইফুনসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান দিয়ে এসব হামলা চালানো হয়েছে।
গত দুই সপ্তাহে হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সৌদি হামলার জবাবে সৌদি আরবের খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবিও করেছে হুথিরা।
তাদের দাবি, ওই হামলায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান রাখার হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে ও অস্ত্রভাণ্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ইয়েমেনে সরকারবিরোধী আন্দোলনের জেরে ২০১৪ সালে গৃহযুদ্ধ শুরু হয়। ওই সময় হুথিরা রাজধানী সানা ও দেশটির বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
দীর্ঘ সংঘাতের পর ২০২২ সালে জাতিসংঘের উদ্যোগে সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দীর্ঘ সময় দুই পক্ষের মধ্যে বড় ধরনের হামলা-পাল্টা হামলার ঘটনা তুলনামূলকভাবে কম ছিল।
তবে সাম্প্রতিক সময়ে সেই স্থিতাবস্থা ভেঙে পড়েছে। নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনায় ইয়েমেনকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
Muktomon/TA