যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ

ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষের ঘটনা।
ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষের ঘটনা।

মুক্তমন রিপোর্ট : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে দুটি যাত্রীবাহী উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত না হলেও একটি বিমানের ডানার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। উড়োজাহাজ দুটি মার্কিন বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের। এর একটি ডালাসগামী ফ্লাইট ৬৩৮ এবং অন্যটি শিকাগোগামী ফ্লাইট ২১৫২। দুটি উড়োজাহাজই বোয়িং ৭৩৭ মডেলের। উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় বিমান দুটির ডানায় সংঘর্ষ হয়।

বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ড অনুযায়ী, পাইলটরা সংঘর্ষের বিষয়টি টাওয়ারকে জানান। ফ্লাইট ৬৩৮-এর পাইলট সিএনএনকে জানান, উড়োজাহাজটি নির্ধারিত ‘হোল্ড-শর্ট লাইন’ কিছুটা অতিক্রম করায় পাশের বিমানের সঙ্গে ধাক্কা লাগে। অন্য বিমানের পাইলটও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় একটি বিমানের ডানার বাইরের দিকে ওপরের অংশে বাঁকানো ‘উইংলেট’ ক্ষতিগ্রস্ত হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে এক পাইলটকে ক্ষতিগ্রস্ত ডানা থেকে কিছু অংশ মাটিতে পড়ে থাকার কথা জানাতে শোনা যায়।

সংঘর্ষের পর বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা অন্য একটি উড়োজাহাজকে অবতরণ বাতিল করে আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সংঘর্ষে জড়িত দুটি বিমানই ট্যাক্সি করে নিজ নিজ গেটে ফিরে যায়।

আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুটি সাময়িকভাবে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ দল সেগুলো পরীক্ষা করছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তাঁদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করবে। দেশটিতে থ্যাঙ্কসগিভিং ছুটির মৌসুমে বিপুলসংখ্যক মানুষের ভ্রমণের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটল।

Muktomon/TA