মুক্তমন রিপোর্ট : মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে পাইকারি বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আগামী জানুয়ারি থেকে যুক্তরাজ্যে গৃহস্থালি জ্বালানির বিল ২৬ শতাংশ বাড়তে যাচ্ছে। এতে দেশটির লাখ লাখ পরিবারকে বাড়তি অর্থ গুনতে হবে। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধি সামগ্রিক মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি করছে।
অফজেম প্রতি তিন মাস অন্তর বিদ্যুৎ ও গ্যাসের খুচরা দামের সর্বোচ্চ সীমা বা ‘প্রাইস ক্যাপ’ নির্ধারণ করে। সংস্থাটি জানিয়েছে, আগামী জানুয়ারি থেকে এই সীমা ২৬ শতাংশ বাড়ানো হবে।
অফজেমের হিসাব অনুযায়ী, এর ফলে সাধারণ গ্রাহকদের বার্ষিক জ্বালানি বিল প্রায় ৪৪৩ পাউন্ড বা ৭২ হাজার ৭১৫ টাকা বাড়বে। এতে গড় বার্ষিক বিল বেড়ে প্রায় ২ হাজার ১৬৬ পাউন্ডে দাঁড়াবে।
অফজেমের বাজারবিষয়ক মহাপরিচালক নিল কেনওয়ার্ড বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানির ব্যয় ক্রমাগত বাড়িয়ে চলেছে। শীতকাল সামনে রেখে এই মূল্যবৃদ্ধি অনেক পরিবারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
এই সিদ্ধান্তের প্রভাব পড়বে যুক্তরাজ্যের প্রায় ২ কোটি পরিবারের ওপর, যারা পরিবর্তনশীল শুল্কের সাধারণ চুক্তির আওতায় রয়েছেন। তবে নির্দিষ্ট হারের চুক্তিতে থাকা আরও প্রায় ১ কোটি পরিবার চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপাতত এ মূল্যবৃদ্ধির বাইরে থাকবে।
সরকার জ্বালানি বিলে পরিবারপ্রতি ১০০ পাউন্ড বা প্রায় ১৬ হাজার ৪১৪ টাকা এককালীন ভর্তুকি দেওয়ার ঘোষণা দিলেও অনেক পরিবারকে আগের তুলনায় বেশি অর্থ পরিশোধ করতে হবে। অক্টোবরে প্রকাশিত বার্ষিক বাজেট প্রতিবেদনে ২ কোটি পরিবারের জন্য এ সহায়তার কথা জানানো হয়েছিল। পাশাপাশি গ্যাস বিলের ওপর নির্দিষ্ট ফি তুলে নেওয়া এবং গৃহস্থালি বিদ্যুৎ বিলের সাময়িক কর ছাড়ের মেয়াদ বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়।
এদিকে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ১৯০ শতাংশ বেড়েছে। ডাচ টিটিএফ ফিউচার চুক্তির হিসাবে প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দাম প্রায় ৩২ ইউরো থেকে বেড়ে ৯২ ইউরোতে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে মোটর জ্বালানির ব্যয় বাড়ায় অক্টোবরে যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতি গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ ৩ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। নতুন করে জ্বালানির দাম বাড়ায় আগামী বছর মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে জীবনযাত্রার ব্যয়ের চাপও বাড়বে।
তবে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর সৃষ্ট জ্বালানি সংকটের সময়কার সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে গ্যাসের দাম অনেক কম রয়েছে। ওই বছরের অক্টোবরে যুক্তরাজ্যে জ্বালানির সর্বোচ্চ মূল্যসীমা একবারে ৮০ শতাংশ বাড়ানো হয়েছিল।
সূত্র : এএফপি, আরব নিউজ
Muktomon/TA