রিয়াদে বিস্ফোরণের পর আরামকোর জ্বালানি ট্যাংকে আগুন

রিয়াদের আরামকোর জ্বালানি ট্যাংক থেকে ধোঁয়া ও আগুন
রিয়াদের আরামকোর জ্বালানি ট্যাংক থেকে ধোঁয়া ও আগুন

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার রিয়াদ থেকে এএফপির এক প্রতিনিধি জানান, রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আরামকোর একটি জ্বালানি ট্যাংকে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারাও বিস্ফোরণের বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত ট্যাংকটির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেন। ট্যাংকটিতে সৌদি আরামকোর লোগো দেখা গেছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ কিংবা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মনুষ্যবিহীন ড্রোন আঘাত হেনেছে। ঘটনার পর বিমানবন্দরের আশপাশে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

এ ঘটনার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বাতিল বা বিলম্বিত হয়েছে।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার বিমানবন্দরটিতে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। ফ্লাইটরাডার২৪-এর ডিসরাপশন ইনডেক্সেও বিমানবন্দরটিকে সর্বোচ্চ মাত্রার বিঘ্নের মধ্যে দেখানো হয়েছে।

এদিকে বিস্ফোরণ, ড্রোনের আঘাত এবং আরামকোর জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড—ঘটনাগুলোর মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

সূত্র: এএফপি, রয়টার্স

Muktomon/TA