আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভায় বক্তব্য রাখছেন মাওলানা সাদিকুর রহমান
খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভায় বক্তব্য রাখছেন মাওলানা সাদিকুর রহমান

মুক্তমন রিপোর্ট : সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে জনগুরুত্বপূর্ণ যেকোনো আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা সাদিকুর রহমান বলেন, সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত সংশোধনী বিল পাস করা হয়েছে, যা তার দাবি অনুযায়ী শরিয়াহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক। তার অভিযোগ, এই আইনে ইসলামী শরিয়াহকে অবজ্ঞা করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মতো মুসলিমপ্রধান দেশে এ ধরনের স্পর্শকাতর বিল উত্থাপনের আগে দেশের শীর্ষস্থানীয় আলেম ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল। জনগণের ধর্মীয় অনুভূতি ও শরিয়াহর স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি বিতর্কিত আইনটি প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় হাফিজ মাওলানা এনামুল হক, এ কে এম আব্দুল কাদির, আব্দুল করিম উবায়েদ, শেখ মস্তাক আহমদ, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা কামরুল হাছান খান, মাওলানা মাহবুবর রহমান তালুকদার, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ কাজী আব্দুর রহমান, আব্দুল গফুর, মাওলানা শায়েখ কাজী লুৎফুর রহমান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা নুরুল আমীন মুন্না, মাওলানা মাসরুর আহমদ বুরহান, মাওলানা জাবির আহমদ, মুহাম্মদ উবায়দুল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দেশের সমসাময়িক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।

Muktomon/TA