মুক্তমন রিপোর্ট : ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার প্রায় এক ডজন শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতা জারির পর এসব বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন টেলিগ্রামে জানায়, ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বাসিন্দাদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাজধানীর দিনিপ্রোভস্কি জেলায় একটি আবাসিক ভবন ও একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ এলাকায় বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওদেসাতেও হামলার খবর পাওয়া গেছে। ওদেসা সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, হামলায় একটি ১৯ তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবনটির কয়েকটি তলা ধ্বংস হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয়ই একে অপরের ভূখণ্ডে হামলা চালাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে।
Muktomon/TA