মুক্তমন রিপোর্ট : বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সব রাজনৈতিক দল ও নেতার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে মনে করে সংস্থাটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান তুলে ধরেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে সংঘটিত প্রাণহানি এবং বর্তমান সময়ে তাঁর সমর্থকদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান।
জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে তাঁর নতুন করে কোনো মন্তব্য নেই। তবে জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধসহ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহিতা দেখতে চায় সংস্থাটি।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে জাতিসংঘ বিশ্বাস করে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে সংঘটিত সহিংসতায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ সময় কয়েক হাজার মানুষ আহত হন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Muktomon/TA