মিস ইউনিভার্সের ফ্যান ভোটে মাহির জন্য সমর্থনের আহ্বান

 মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাবজয়ী সামিরা খান মাহি, যিনি আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাবজয়ী সামিরা খান মাহি, যিনি আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

মুক্তমন রিপোর্ট : মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি। আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ হিসেবে শুরু হয়েছে অফিশিয়াল ফ্যান ভোটিং। এতে বাংলাদেশের অবস্থান এগিয়ে নিতে দেশবাসী ও ভক্তদের ভোট চেয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি ভোটিং কার্যক্রম শুরুর খবর জানান। একই সঙ্গে সবাইকে বাংলাদেশের পক্ষে একযোগে সমর্থন জানানোর আহ্বান জানান এই প্রতিযোগী।

পোস্টে মাহি লেখেন, চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! মিস ইউনিভার্সের ফ্যান ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আসুন, আমরা সবাই একসঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়াই এবং আমাদের পূর্ণ সমর্থন জানাই। মাহির পক্ষে ভোট দিতে আগ্রহীদের প্রথমে অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ‘MU FAN’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপের ‘Vote’ অপশনে গিয়ে ‘Miss Universe Bangladesh’ নির্বাচন করে ভোট দেওয়া যাবে।

এর আগে গত ৭ নভেম্বর রাতে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সামিরা খান মাহিকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা।এই খেতাব অর্জনের মধ্য দিয়ে আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন মাহি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন। তবে তাঁদের কেউই আন্তর্জাতিক আসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি।

Muktomon/TA