মুক্তমন রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাজ্যের পার্লামেন্টের রোহিঙ্গাবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদল। বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান, মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ব্রিটিশ সংসদ সদস্য ইমরান হুসাইন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। দলের অন্য সদস্যরা হলেন কাউন্সিলর হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ এবং ‘অরফানস ইন নিড’-এর তহবিল সংগ্রহবিষয়ক প্রধান আলতাফ হুসাইন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিজ দেশে নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব। এ সংকট নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সদস্যরাও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA