মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ভারতের ১-০ গোলের জয়ের ম্যাচের দৃশ্য।
সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ভারতের ১-০ গোলের জয়ের ম্যাচের দৃশ্য।

মুক্তমন রিপোর্ট : সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে দলটি। এই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন সুহেল আহমেদ ভাট। বক্সের ভেতরে আব্দুল রাবিহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার হুসেইন সিফাউ ইউসুফ। স্পটকিক থেকে বল জালে পাঠান সুহেল। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ড চলতি আসরে নিজের তৃতীয় গোলের দেখা পান।দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য আক্রমণ বাড়ায় মালদ্বীপ। তবে ভারতের গোলরক্ষক প্রিয়ানশ দুবে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে এগিয়ে রাখেন। 

ম্যাচে গোলের সুযোগ পেয়েছিল মালদ্বীপ। মুজধান হাসান ও বদলি হিসেবে নামা ইথান ইব্রাহিম জাকির নেওয়া শট লক্ষ্যভেদ করতে পারেনি। শেষ পর্যন্ত চলতি টুর্নামেন্টে গোলের দেখা না পেয়েই বিদায় নিতে হয়েছে দলটিকে।দ্বিতীয়ার্ধে কয়েকটি ফাউলের ঘটনায় পেনাল্টির আবেদন জানিয়েছিল মালদ্বীপের খেলোয়াড়েরা।

তবে রেফারি তাতে সাড়া দেননি। আগের ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের দাবি জানিয়েছিলেন মালদ্বীপের কোচ। ভারতের বিপক্ষে হারের পর অবশ্য রেফারিং নিয়ে কোনো অভিযোগ তোলেননি তিনি।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপে রয়েছে তিনটি দল। গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে ভারত ছয় পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে। পাকিস্তান তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আগামী ১৪ নভেম্বর ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে ভারত। ‘বি’ গ্রুপ থেকে পাকিস্তানও শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।

Muktomon/TA