মুক্তমন রিপোর্ট : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ওয়াশিংটনকে সাত দিনের একটি রোডম্যাপ দেওয়ার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের কাছে এ পরিকল্পনার কথা জানান তিনি। আরাকচির ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এরই মধ্যে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।
ইরানের প্রস্তাব অনুযায়ী, ওয়াশিংটন নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। একই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করে দুই দেশের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব দিয়েছে তেহরান।
প্রস্তাবের শর্তগুলোর মধ্যে রয়েছে—গাজা ও লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক সংঘাত বন্ধ করা, ইরানের জব্দ থাকা সম্পদ ছাড় করা, ইরানি তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া।
ইরানের পরিকল্পনা অনুযায়ী, সাত দিনের মেয়াদ শেষ হলে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে। এরপর যুক্তরাষ্ট্র ও ইরান পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য বিরোধপূর্ণ বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনায় বসবে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। চলমান সংঘাতের কারণে এ পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে প্রভাব পড়েছে। ফলে প্রণালিটি পুনরায় সচল করার বিষয়টি ওয়াশিংটন-তেহরান কূটনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ৬০ দিনের সমঝোতার কাঠামো তৈরি হয়েছিল। ওই উদ্যোগে সংঘাত কমানো, ইরানি জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালিতে যোগাযোগব্যবস্থা নিয়ে আলোচনার বিষয় ছিল। পরবর্তী সময়ে বিভিন্ন মতপার্থক্যের কারণে সেই প্রক্রিয়া কার্যকরভাবে এগোয়নি।
নতুন প্রস্তাবের মাধ্যমে ইরান ওই আগের সমঝোতার কয়েকটি বিষয় দ্রুত বাস্তবায়নের পথ দেখিয়েছে। আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটন শর্তগুলো মেনে নিলে তেহরানও পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত।
তবে যুক্তরাষ্ট্র এখনো ইরানের সাত দিনের প্রস্তাব গ্রহণ করেছে—এমন কোনো ঘোষণা দেয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার পাশাপাশি চাপ অব্যাহত রাখার অবস্থানও জানিয়েছিলেন।
Muktomon/TA