মুক্তমন রিপোর্ট : ভারতের নৌবাহিনীর এক সদস্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতর সামরিক তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে পাকিস্তানের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নৌসেনাকে গ্রেপ্তার করেছে ভারতের অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ অক্টোবর) তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত নৌ প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস অগ্রণী থেকে ওই নৌসেনাকে গ্রেপ্তার করা হয়। এর প্রায় এক সপ্তাহ আগে তিনি প্রশিক্ষণকেন্দ্রটিতে গিয়েছিলেন।
গ্রেপ্তার হওয়া নৌসেনার নাম প্রদীপ মুখার্জি। ৩১ বছর বয়সী এই সদস্য ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। ২০১৪ সালে তিনি দেশটির নৌবাহিনীতে যোগ দেন।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, প্রদীপ ভারতের ইস্টার্ন নেভাল কমান্ডে নাবিক হিসেবে কর্মরত ছিলেন। বিশাখাপত্তমভিত্তিক এই কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় গুরুত্বপূর্ণ নৌ স্থাপনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন ওই পাকিস্তানি নারী। পরে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তাঁর কাছ থেকে বিশাখাপত্তম নৌঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, নৌবহরের চলাচলসহ বিভিন্ন স্পর্শকাতর তথ্য সংগ্রহ করেন বলে অভিযোগ রয়েছে।
প্রদীপের কাছ থেকে ঠিক কতটা তথ্য সংগ্রহ করা হয়েছে, তা জানতে তদন্ত চলছে। ওই নারী তাঁকে কোনো অর্থ দিয়েছিলেন কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
Muktomon/TA