যুক্তরাষ্ট্র পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে

পৃথিবীর কক্ষপথে যুক্তরাষ্ট্রের মহাকাশভিত্তিক অস্ত্র ও সামরিক সক্ষমতার প্রতীকী চিত্র
পৃথিবীর কক্ষপথে যুক্তরাষ্ট্রের মহাকাশভিত্তিক অস্ত্র ও সামরিক সক্ষমতার প্রতীকী চিত্র

মুক্তমন রিপোর্ট : পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। তাঁর দাবি, ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা এবং মহাকাশে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও সক্ষমতা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ন্যাশনাল হারবারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রয় মেইঙ্ক কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তবে ঠিক কী ধরনের অস্ত্র মহাকাশে মোতায়েন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

মার্কিন প্রশাসন যখন ক্ষেপণাস্ত্র ও আকাশপথে আসা অন্যান্য হুমকি মোকাবিলায় ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মহাকাশভিত্তিক সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ জোরদার করছে, তখনই এ ঘোষণা এলো।

মার্কিন স্পেস ফোর্সের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হাতে এমন ‘স্পেস কন্ট্রোল’ বা মহাকাশ নিয়ন্ত্রণ সক্ষমতা রয়েছে, যা শত্রুপক্ষের বৈরী কর্মকাণ্ড থেকে দেশ ও সামরিক বাহিনীকে সুরক্ষায় ব্যবহার করা যেতে পারে।

স্পেস ফোর্সের ভাষ্য অনুযায়ী, ‘স্পেস কন্ট্রোল’ বলতে মহাকাশে আধিপত্য ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রমকে বোঝায়। এর আওতায় প্রতিপক্ষের সক্ষমতাকে প্রভাবিত করতে কাইনেটিক ও নন-কাইনেটিক—উভয় ধরনের পদ্ধতি ব্যবহার করা হতে পারে। এসব সক্ষমতা প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক—দুই ধরনের কাজেই ব্যবহারের সুযোগ রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের কক্ষপথভিত্তিক অস্ত্র সক্ষমতার প্রকৃতি, সংখ্যা কিংবা সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মহাকাশে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রাশিয়া ও চীনকে বিবেচনা করা হয়। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, ট্রয় মেইঙ্ক যে ‘ক্রমবর্ধমান হুমকি’র কথা বলেছেন, তার অন্যতম লক্ষ্য এই দুই দেশ।

মার্কিন স্পেস ফোর্সের কর্মকর্তাদের মতে, চীন সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে মহাকাশ ও পাল্টা-মহাকাশ সক্ষমতা দ্রুত উন্নত করছে। অন্যদিকে রাশিয়াও মহাকাশকে সম্ভাব্য যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করে এবং ভবিষ্যৎ সংঘাতে মহাকাশে আধিপত্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করে।

যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ মহাকাশকে ঘিরে সামরিক প্রতিযোগিতাকে আরও তীব্র করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। তবে ওয়াশিংটন ঠিক কী ধরনের কক্ষপথভিত্তিক অস্ত্র মোতায়েন করছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্যোগটির প্রকৃত সামরিক গুরুত্ব নির্ধারণ করা কঠিন।