চিতলমারীতে হামলার অভিযোগে ১৬ জনের নামে মামলা

চিতলমারীতে বিএনপির প্রস্তুতিমূলক সভায় হামলার অভিযোগে দায়ের করা মামলা
চিতলমারীতে বিএনপির প্রস্তুতিমূলক সভায় হামলার অভিযোগে দায়ের করা মামলা

অরুণ কুমার সরকার : বাগেরহাটের চিতলমারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় হামলার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, অ্যাডভোকেট প্রতাপ মন্ডলসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর চিতলমারী থানায় মামলাটি করেন চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুভাষ বালা। মামলাটির নম্বর ২।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে কিশোর বালার দোকানের সামনে খোলা জায়গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চলছিল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সভাস্থলে হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মামলার বাদী সুভাষ বালা আহত হয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযুক্ত ব্যক্তিদের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।