ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ টি.এল.পি ১৮ নম্বর এলাকায় এনডিই আফজাল সাহেবের দায়িত্বে পরিচালিত স্লুইজ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই প্রকল্পের স্লুইজের কাজে যথাযথ নির্মাণসামগ্রী ব্যবহার না করে কাদা ও মাটি দিয়ে কাজ করা হচ্ছে। এতে প্রকল্পের কাজের মান ও স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
স্থানীয় জনসাধারণের অভিযোগ, সরকারি অর্থ ব্যয়ে বাস্তবায়নাধীন এমন গুরুত্বপূর্ণ প্রকল্পে যদি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়, তাহলে ভবিষ্যতে স্লুইজের কার্যকারিতা ও স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এলাকার সাধারণ মানুষ ও কৃষকরা।
এলাকাবাসীর প্রশ্ন, প্রকল্পের কাজের মান যাচাই ও অনিয়মের অভিযোগ তদন্তের দায়িত্ব কার? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এসব বিষয় দেখছেন না? দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে কাদা-মাটি দিয়ে কাজ করার অভিযোগ উঠছে, তা নিয়েও জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত সরেজমিনে প্রকল্পের কাজ পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন—জনগণের অর্থে নির্মিত এই প্রকল্পের কাজের অনিয়মের অভিযোগ দেখবে কে?
Muktomon/TA